সড়ক দুর্ঘটনায় গতকাল রবিবার চাঁদপুরের শাহরাস্তিতে মা-ছেলেসহ নয়জন, লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্র এবং চুয়াডাঙ্গায় এক কৃষক নিহত হয়েছে। এছাড়া নীলফামারীর কিশোরগঞ্জে ওরসের বাস উল্টে ৪৮ জন যাত্রী আহত হয়। লক্ষ্মীপুরে নিহতের ঘটনায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীরা। এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
হাজীগঞ্জ (চাঁদপুর)
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজার সংলগ্ন এলাকার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে গতকাল সকালে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুসহ ছয়জন নিহত হয়। আহত হয় আরো তিনজন। ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস কর্ডোভা ও শাহরাস্তিগামী একটি সিএনজি অটোরিকশার মধ্যে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো একজন। নিহতের মধ্যে মা ও শিশু রয়েছে। নিহতরা হলেন: রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম (৭৫), আবুল কালাম (৬২), শাহজাহান (৪০), মা জান্নাতুল ফেরদৌস (২৮) ও ছেলে রুমান (৮)। নিহত মা-ছেলে কচুয়া উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা।
খবর পেয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শেখ রাসেল, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা মিরা ও হাজিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর :লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের শাকচর এলাকায় রবিবার সকালে পিকআপের চাপায় ইয়াছিন নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়। নিহত ইয়াছিন হামিদ মিয়াজী দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও শাকচর এলাকার বাবুল মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে শিক্ষক-শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন সকালে মাদ্রাসা আসার পথে রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা পিকআপটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় ইয়াছিন। পরে সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে রবিবার সকালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্তি মিয়া (৩০) নিহত হন। দুর্ঘটনায় আহত শান্তি মিয়া সকাল নয়টার দিকে সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। শান্তি মিয়া সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা গ্রামের আছিরউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, শান্তি মিয়া দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন।
কিশোরগঞ্জ (নীলফামারী) :নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের চিশতিয়া নক্সাবন্দী আলিয়া দরবার শরীফের ওরস শরীফ থেকে ফেরার পথে যাত্রীবাহী বাস উল্টে ৪৮জন মুসল্লি আহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার রংপুর সড়কের রনচন্ডির ধরেয়ার বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাটোর :নাটোরে বাসচাপায় বাদল মিয়া (৪০) নামে এক অটো ভ্যান চালক নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় নূর আলম নামে অপর একজন। রবিবার সোয়া ১১ টার দিকে শহরের পিটিআই এলাকার বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদল মিয়া সদর উপজেলার রামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।