আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো মূল্যে অব্যাহত রাখা হবে। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দুই তলায় ১৪ দলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী জঙ্গি তত্পরতার প্রতিবাদে আয়োজিত এই শান্তি সমাবেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ উপস্থিত থাকবেন।
মোহাম্মদ নাসিম বলেন, শান্তির বার্তা নিয়ে ১৪ দল রোজার মাসে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে জঙ্গিবিরোধী সমাবেশ করবে। এ দেশে হামলার আশঙ্কা এখনো আছে। তাই সবার সতর্ক থাকতে হবে। শিবিরের সাবেক নেতাদের ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক প্লাটফর্ম ঘোষণা প্রসঙ্গে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, এই নতুন মঞ্চের নেতৃত্বে শিবিরের সাবেক নেতারা।
কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।