স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী এ আর+ডি পুরস্কারে ভূষিত

স্থপতি এবং আরবানার প্রিন্সিপাল কাশেফ মাহবুব চৌধুরী ‘এ আর+ডি ইমার্জিং আর্কিটেকচার অ্যাওয়ার্ড’-এ প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের এই বিশেষ পুরস্কারটি দেয়া হয়েছে তাদের ডিজাইনকৃত গাইবান্ধাতে ‘ফ্রেন্ডশীপ সেন্টার’ নামক প্রকল্পটির জন্য। প্রকল্পটি একটি এনজিওর প্রশিক্ষণ ও সমাবেশ কেন্দ্র। এবারই প্রথম একজন বাংলাদেশি স্থপতি এই পুরস্কারটি পেলেন। লন্ডনে ২৮ ও ২৯ নভেম্বর এই দুইদিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে কাশেফ মাহবুব চৌধুরী এ পুরস্কারটি গ্রহণ করেন। এই ‘এ আর+ডি’ পুরস্কারটি বিশ্বব্যাপী স্থাপত্যে উদীয়মান প্রতিভা তুলে ধরে। এই পুরস্কারটি প্রণয়ন করে বিশ্বের অন্যতম স্থাপত্য পত্রিকা ‘আর্কিটেকচারাল রিভিউ’, যারা তাদের প্রকাশনার ১১৪তম বর্ষে পদার্পণ করল। আরবানার স্থাপত্য নকশায় নির্মিত এই ফ্রেন্ডশীপ সেন্টারটির ডিজাইন ও মডেল প্রদর্শিত হচ্ছে লন্ডনের ‘রয়েল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস’ ভবনে। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত প্রদর্শনীটি চলবে। ফ্রেন্ডশীপ, একটি এনজিও, যে নামটি বাংলাদেশের জনগণের কাছে বিশেষভাবে পরিচিত তাদের লাইফবয় ফ্রেন্ডশীপ ভাসমান হাসপাতালের কর্মযজ্ঞ সূচনা কাল থেকে। ফ্রেন্ডশীপ বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রধানত চর এলাকায় সবচেয়ে অর্থাভাবগ্রস্ত গরীবদের নিয়ে কাজ করে যাচ্ছে। কাশেফ মাহবুব চৌধুরী ঢাকায় অধিষ্ঠিত ‘আরবানা’ নামক স্থাপত্য প্রতিষ্ঠানটির পরিচালক। ১৯৯৭ সালে ‘আরবানা’ বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভ এবং যাদুঘরের জাতীয় পর্যায়ে নকশা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে, যার নির্মাণ কার্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় সমাপ্তির পথে। কাশেফ চৌধুরীর নকশায় চট্টগ্রামের চাঁদগাঁও-এ অবস্থিত মসজিদটি ২০১০ সালের ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’-এ প্রথম কয়েকটি পুরস্কার প্রাপ্তযোগ্য স্থাপত্য প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়। আরবানার বিভিন্ন কাজ আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশিত ও প্রদর্শিত হয়েছে।