মিডিয়া আর্টিস্টস এসোসিয়েশন নামে নয়া সংগঠন

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত আর্টিস্ট, কার্টুনিস্ট, ডিজাইনার ও সৃজনশীল কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে ‘মিডিয়া আর্টিস্টস এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংশ্লিষ্ট কর্মীদের পরস্পর যোগাযোগ, সমাজ সেবামূলক কাজ, নিজেদের কল্যাণ, মিডিয়ায় আধুনিক কাজের ভাব আদান প্রদান, প্রদর্শনীর আয়োজনসহ জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই এ সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য। সম্প্রতি ঢাকার কাওরান বাজারের একটি রেস্টুরেন্টে মিডিয়ায় কর্মরত সৃজনশীল কর্মীদের নিয়ে এক মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ লুত্ফুল হক (ডেইলি ইন্ডিপেনডেন্ট) আহবায়ক এবং মোহাম্মদ শাহযাদা (দৈনিক ইত্তেফাক) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মাসুম চিশতিকে (সংবাদ) যুগ্মআহবায়ক করে ১৯ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি