পাইওনিয়র ফুটবলের অন্যরকম ফাইনাল আজ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
উনিশ’শ তিরাশি সালে শুরু হওয়ার পর পাইওনিয়র ফুটবলের ইতিহাসে এমনটি দেখা যায়নি যে, ফাইনালের আগে দুই দলের অধিনায়ক কোচকে সংবাদ সম্মেলনে হাজির করানো হয়েছে। সেটি করেছে পাইওনিয়র ফুটবল লিগ কমিটি। দুই দলের খেলোয়াড়দের উত্সাহ দিতেই এমন আয়োজন। আজ পাইওনিয়র ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে খিলগাঁও ফুটবল একাডেমি এবং মাতুয়াইল উদয়ন সংসদ। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
ফাইনাল নিয়ে কথা বলতে এসেছিলেন দুই দলের অধিনায়ক। তারা সংবাদ সম্মেলনে এসে আবেগ আপ্লুত। কারণ ফুটবল ক্যারিয়ারের মাত্র শুরু। এই অবস্থায় হল রুম ভরা সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে খিলগাঁও ফুটবল একাডেমির অধিনায়ক মিঠু এবং মাতুয়াইল উদয়ন সংসদ ভারপ্রাপ্ত অধিনায়ক জেসি যেন জড়তায় ভুগছিলেন। কথা আটকে যাচ্ছিল তাদের।
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে তারা পারদর্শী নয়। সাথে আসা কোচ কর্মকর্তাদের সহায়তায় ফাইনাল নিয়ে কথা বলেছেন জুনিয়র ফুটবলার দু’জন। জাতীয় স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মিঠু এবং জেসি এখন পাইওনিয়র ফুটবল ফাইনালে দুই দলের অধিনায়ক। পরস্পরের শত্রু, একজন আরেকজনকে চেনেন। কিভাবে খেলতে হবে সেটা জানা আছে। দু’জনেই বিদেশে ফুটবল খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
খিলগাঁও ফুটবল একাডেমির অধিনায়ক মিঠু সম্প্রতি ম্যানচেষ্টার ইউনাইটেড ক্লাবে এক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে এসেছেন। আর মাতুয়াইল উদয়ন সংসদের অধিনায়ক জেসি অক্টোবরে অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবল দলের হয়ে জাপানে খেলতে গিয়েছিলেন। সংবাদ সম্মেলনে জড়তা থাকলেও মাঠের পারফরম্যান্সে তাদের সাহসটা অপ্রতিরোধ্য।
সংবাদ সম্মেলনের পরে তাদের কথায় বুঝা গেল একটা উপভোগ্য লড়াইয়ের প্রদর্শনী মেলে ধরবেন তাদের দল। খিলগাঁও ফুটবল একাডেমির অধিনায়ক মিঠু প্রতিপক্ষকে দেখিয়ে বলেন আমরা জিতব। জেতার অন্য কিছু নিয়ে ভাবছি না। তার কথার সুর টেনে ধরে মাতুয়াইল উদয়ন সংসদের অধিনায়ক জেসি বলেন, প্রতিপক্ষ যাই বলুক না কেন, আমরা আমাদের খেলাটা খেললে চ্যাম্পিয়ন হব।’
খিলগাঁও ফুটবল একাডেমি গ্রুপ পর্বে ছয়টি এবং সুপার লিগে চার ম্যাচ জিতে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে। তারা এখন পর্যন্ত একটি ম্যাচে হারেনি, এখনও অপরাজিত রয়েছে। ১১ ম্যাচে ৪৭টি গোল করে হজম করেছে মাত্র তিনটি। আর মাতুয়াইল উদয়ন সংসদও কোনো ম্যাচ না হেরে অপরাজিত থেকে ফাইনালের টিকিট পেয়েছে। ১১ ম্যাচে ৯টি জয় দুইটি ড্র হয়েছে। ৪৬ গোল করে এবং ছয় গোল হজম করে। পরিসংখ্যানই বলে দেয় ৮০ মিনিটের (৪০+৪০) ফাইনাল হবে উপভোগ্য।
তৃতীয় বিভাগ ফুটবল লিগে উঠবে তিন দল। ফাইনালে দুই দল উঠেছে। আজ বেলা সাড়ে ১২টায় সামরিক যাদুঘর মাঠে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং নাসরিন ফুটবল একাডেমি। তবে লিগের ২০ দল আগেই আবেদন করে রেখেছিল এবার যেন একটি দলকে বাদ দিয়ে দেয়া হয়। গতকাল লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয় জানিয়েছেন বিষয়টি বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হবে।’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় গত নভেম্বর ৮১টি দল নিয়ে অনূর্ধ্ব-১৬ লিগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সুপার লিগে উঠে ২০টি দল। সেখান থেকে বাছাই হয়ে আজ শেষ হতে যাচ্ছে একটি সফল আয়োজন।
পাইওনিয়র ফুটবল লিগ থেকেই উঠে এসে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন এদেশের বহু ফুটবলার। সাব্বির, মোনেম মুন্না, জুয়েল রানা, আলফাজসহ বহু তারকার জন্ম পাইওনিয়র ফুটবলের মঞ্চে।