রোনালদো-মরিনহোকে চায় পিএসজি

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে, এবার আর গুঞ্জন নয়; সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন প্যারিস জানিয়ে দিলো রিয়াল মাদ্রিদ দলের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো ও কোচ হোসে মরিনহোকে দলে পেতে আগ্রহী তারা। ক্লাবটির সভাপতি নাসির আল খেলাইফি’র ‘ডান হাত’ শেখ বিন আব্দুল রহমান আল-থানি ক্যানাল ফুটবলকে দেয়া এক সাক্ষাত্কারে পর্তুগীজ কোচ-শিষ্যকে দলে ভিড়ানোর ব্যাপারে নিজেদের আগ্রহের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘অবশ্যই রোনালদো ও মরিনহোকে আমাদের ক্লাবে নেয়ার ব্যাপারে আমরা আগ্রহী।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সময়ে সেরা ফুটবল ক্লাবগুলোর একটি পিএসজি। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করে আমরা নিজেদের প্রমাণ করতে চাই। ফ্রান্সে ইতোমধ্যেই আমরা নিজেদের প্রমাণ করেছি। এবার ইউরোপে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে লড়াই করছি আমরা।’ ফরাসী ঘরোয়া ফুটবল লিগে পয়েন্ট তালিকায় শীর্ষেই অবস্থান করছে পিএসজি। লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না রোনালদো ও মরিনহোর। দলের বাজে পারফরমেন্সের কারণে দুদিন আগে মরিনহো জানালেন, এই মৌসুমে লা লিগার শিরোপার লড়াই থেকে ছিটকে পড়েছে তার দল। পয়েন্ট তালিকাতে ভালো অবস্থানে নেই রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা; এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদও তাদের থেকে আর মেসির দাপটে অনেকটাই ম্লান দেখাচ্ছে রোনালদোকে। এখন দেখার ব্যাপার হল, কোন পথে হাঁটবেন এই দুই পর্তুগীজ; পিএসজির আবেদনে সারা দিয়ে ফ্রান্সে পাড়ি জমাবেন! নাকি রিয়াল মাদ্রিদের হয়েই লড়াই চালিয়ে যাবেন।