নৈরাজ্যে জড়িতদের নামে মামলা হয়েছে আরো হবে

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘অবরোধ-হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আরো মামলা হবে। বিরোধী দলের যত বড় নেতাই হোক, সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে, তাকে আইনের আওতায় আনা হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, ‘হরতাল গণতান্ত্রিক অধিকার। তা শান্তিপূর্ণভাবে পালন করলে জনগণ এবং সরকার অবশ্যই সমর্থন জানাবে। তবে হরতালের নামে নাশকতা কখনোই গ্রহণযোগ্য নয়।’ কামরুল ইসলাম বলেন, ‘আজকে মঙ্গলবার একটি বামজোট যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। নৈরাজ্য-ভাঙচুরের বদলে তারা জনগণকে হরতাল সমর্থনের আহ্বান জানাচ্ছে। এভাবে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালিত হলে সরকার ও জনগণের সমর্থন থাকে।’ শাজাহান আলম সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক লীগের সিনিয়র সহসভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।