বিজয় মঞ্চে বিদেশি রাষ্ট্রদূতরা আলোচনা করবেন আজ

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাসব্যাপী বিজয় দিবস উদযাপনে স্থাপিত বিজয় মঞ্চে আজ বুধবার বিকালে আলোচনা সভায় অংশ নিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলইব। বিজয় দিবস উদযাপনে গঠিত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিবেশনায় রাজারবাগ একাত্তর নামক নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।