চট্টগ্রামে জাতীয় যুব
রেড ক্রিসেন্ট ক্যাম্প
শুরু ২২ ডিসেম্বর
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
দশ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজন করেছে দ্বাদশ জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প। ‘বিশ্বের জন্য সবুজ বাঁচাও’ শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ২২-২৫ ডিসেম্বর এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত চট্টগ্রামে হচ্ছে এই ক্যাম্প। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে রেড ক্রিসেন্ট সোসাইটির সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সোসাইটির চেয়ারম্যান ও সংসদ সদস্য ডা. এম এস আকবর। এসময় আরো উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য কবির উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিষদের সদস্য ও সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব খোন্দকার জাকারিয়া খালেদ।
ডা. এম এস আকবর বলেন, চট্টগ্রামের হালিশহরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠেয় ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ক্যাম্পে প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, একতা, বন্ধুত্ব, স্বাস্থ্য সচেতনতা, সৌহার্দ্য ও সেবার মনোভাবসহ মানবিক গুণাবলী গড়ে তুলতে সহায়তা করা হবে। ক্যাম্পে ৬৪টি জেলা, ৪টি সিটি কর্পোরেশন এবং বিভিন্ন দেশের ২০০জন রেড ক্রিসেন্ট সদস্য, স্বেচ্ছাসেবক ও শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করবেন।