চট্টগ্রাম-১২ আসনের উপ-নির্বাচন
আওয়ামী লীগের প্রার্থী
সাইফুজ্জামান জাভেদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৬
আগামী ১৭ জানুয়ারি জাতীয় সংসদের চট্টগ্রাম-১২ শূন্য আসনে উপ-নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঐ আসনের সাবেক এমপি ও দলের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর বড় ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মনোনয়নপ্রত্যাশী ৭ জনের সাক্ষাত্কারশেষে সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে দলীয় মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বৈঠকশেষে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। দলীয় মনোনয়নের সিদ্ধান্ত ঘোষণার পর সাইফুজ্জামান চৌধুরী জাভেদ গতরাতে ইত্তেফাককে জানান, তার বাবা আমৃত্যু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের অনুসারী ছিলেন। আনোয়ারা উপজেলা ও পশ্চিম পটিয়া নিয়ে গঠিত চট্টগ্রাম-১২ নির্বাচনী এলাকার আপামর জনগণ বাবাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি বাবার মতো এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর বর্ষীয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিল্পপতি, জাতীয় সংসদের পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির মৃত্যুর পর সংসদীয় এ আসনটি শূন্য হয়।