গোপালগঞ্জে ভেজাল মদ
পানে কলেজ ছাত্রের
মৃত্যু, অসুস্থ দুই
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:০৯
গোপালগঞ্জে ভেজাল মদ পান করে এক কলেজ-ছাত্রের মৃত্যু এবং অপর দুজন অসুস্থ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া সরকারি শেখ লুত্ফর রহমান ডিগ্রি কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র মাঝবাড়ি গ্রামের সামাদ দাড়িয়া মারা গেছেন। অসুস্থরা হলো সজীব ও সাইদ। স্কুল-ছাত্র আবু সাঈদ দাড়িয়াকে গোপালগঞ্জ আড়াইশ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিত্সাধীন আবু সাঈদ বলেন, ‘পার্শ্ববর্তী হিরন গ্রামের দ্বীন ইসলাম দিনু বিজয় দিবসের রাতে মাঝবাড়ি গ্রামের সামাদের ঘরে বসে এনার্জি ড্রিঙ্ক টাইগার বলে সামাদ, সজীব ও আমাকে নেশা জাতীয় দ্রব্য পান করায়। এরপর আমি ও সামাদ অজ্ঞান হয়ে পড়ি।’
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার মৃম্ময় পোদ্দার বলেন, ‘তারা মদের সাথে অন্যান্য জিনিস মিশিয়ে পান করায় অসুস্থ হয়ে পড়ে। আবু সাঈদ গোপালগঞ্জ হাসপাতালে চিকিত্সাধীন।’
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া জানান—অসুস্থ সামাদ ও আবু সাঈদকে প্রথমে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ নেয়ার পথে সামাদ মারা যায়। সামাদের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দ্বীন ইসলাম দিনুকে গ্রেফতারের চেষ্টা চলছে।