চট্টগ্রামে চাক্তাই চামড়ার গুদাম এলাকায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

চট্টগ্রামের চাক্তাই চামড়ার গুদাম এলাকায় গতকাল মঙ্গলবার রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের ছয়তলা বিশিষ্ট আবাসিক ভবনটিতে বসবাসকারীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় বসবাসকারীরা ভবনের ছাদে আশ্রয় নেয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের ফলে জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। ফায়ার সার্ভিস জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টায় স্থানীয় পেয়ার মিঞা সওদাগরের দোতলা বিশিষ্ট বসতঘরে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় মাছ ধরার জালের গুদামে ছড়িয়ে পড়ে। ভবনটির উপরের ৪টি ফ্লোরে বসবাসকারীদের মধ্যে অনেকেই ছাদে আশ্রয় নেয়। ফলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ১৫টি গাড়ি গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কেউ হতাহত হয়নি। তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।