মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
অনুষ্ঠানে জামায়াতকে
আমন্ত্রণ জানানো হয়নি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:১১
বিএনপির প্রধান সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, দলমত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেবেন খালেদা জিয়া। প্রতিটি দলের মুক্তিযোদ্ধাদের দাওয়াত দেয়া হলেও জামায়াতকে দেয়া হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সংবাদপত্রে রিপোর্ট হয়েছে— মুক্তিযোদ্ধা সমাবেশে জামায়াতকে দাওয়াত দেয়া হয়েছে; কিন্তু আমরা পরিষ্কারভাবে জানাতে চাই, জামায়াতকে দাওয়াত দেয়া হয়নি।
অপরদিকে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম বলেন, তথাকথিত জামায়াত-রাজাকারদের মুক্তিযোদ্ধা সমাবেশে দাওয়াত দেয়া হয়নি। এমন কি ১৮ দলীয় জোটেরও কাউকে দাওয়াত দেয়া হয়নি। এক প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, তিনি নিজে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি হেলাল মোর্শেদ, কে এম সফিউল্লাহ, রফিকুল ইসলাম বীর উত্তমসহ সব মুক্তিযোদ্ধাকে সমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন। এ ছাড়া অন্যসব সেক্টর কমান্ডারকে দাওয়াত দেয়া হয়েছে বলে তিনি জানান।
একই সঙ্গে তরিকুল ইসলাম বলেন, তারাতো আমাদের দাওয়াত দেয় না। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।
তরিকুল আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার ১২ ইসলামী ও সমমনা দলের ডাকা হরতালে বিএনপি সমর্থন দেয়নি। এর আগে লিখিত বক্তব্যে তিনি মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি হেলাল মোর্শেদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য চিঠি দেয়ায় নিন্দা জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ রায়, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।