সাতক্ষীরার বেতনা নদী আজ মরা খাল
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:১৭
পলি জমে ভরাট ও অবৈধ দখলের কারণে সাতক্ষীরার একমাত্র বাণিজ্যিক নদী হিসাবে খ্যাত বেতনা আজ মরা খালে পরিণত হয়েছে। পানি শূন্য নদের বুকে গড়ে উঠেছে বসতবাড়ি। নদীর দুই তীরের চরে গড়ে উঠেছে মিল, কল-কারখানা আর ব্যবসা প্রতিষ্ঠান। অবৈধ এসব দখলদারিত্ব উচ্ছেদের ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোন ভূমিকা না থাকায় পুরো বেতনা নদীর দু’ধারে জেগে ওঠা চর হারাতে বসেছে সরকার। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবছরই এ জনপদে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা। তাই বেতনা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে অচিরেই এ নদী খননের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। বাংলাদেশ, ভারত, চীনসহ বিভিন্ন দেশ থেকে এক সময় ব্যবসায়ীরা নদী পথে এ বেতনা নদী দিয়ে সাতক্ষীরা শহরে আসতো ব্যবসা বাণিজ্য করার জন্য। কালক্রমে সে নদীবক্ষে পলি জমে ভরাট হয়ে ও অবৈধ দখলদারিত্বের কারণে আজ মরতে বসেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোঃ হেলালুজ্জামান জানান, বেতনা নদী খননের জন্য জলবায়ু ফান্ডের আওতায় ২৪ কোটি ৯৫ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে।