বৈদেশিক মুদ্রার রিজার্ভে
নতুন রেকর্ড
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২০
বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো রিজার্ভ গিয়ে ঠেকেছে এক হাজার ২৪০ কোটি ডলারে। এর আগে গত ২৭ অক্টোবর রিজার্ভ এক হাজার ২৩৬ কোটি ডলারে গিয়ে ঠেকেছিল। পরে তা কমে গেলেও গতকাল মঙ্গলবার আবার বেড়ে এই রেকর্ড তৈরি হয়েছে। ভালো রেমিট্যান্স প্রবাহ এবং আমদানি ব্যয় কমার প্রভাবে রিজার্ভ বেশ কিছুদিন ধরে বাড়ছে। একই সঙ্গে বাংলাদেশব্যাংকের বাজার থেকে অব্যাহত ডলার কেনার প্রভাবে আগের রেকর্ড ভেঙ্গে রিজার্ভে নতুন রেকর্ড হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে- রিজার্ভের এই পরিমাণ চার মাসের আমদানি ব্যয়ের তুলনায় বেশি। উচ্চ রেমিট্যান্স প্রবাহ ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কর্মরতদের রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সে প্রায় ১২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত ১৪ ডিসেম্বর পর্যন্ত আরও ৬২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। সম্প্রতি এডিবির সাত কোটি ডলার এবং ইউএস শান্তিরক্ষা মিশনে কর্মরতদের চার কোটি ডলারের অর্থ রিজার্ভে যোগ হয়েছে।
এছাড়া খাদ্য ও বিলাসবহুল পণ্য, মেশিনারিজ এবং তেলের আমদানি কমার প্রভাবে প্রতি মাসেই আমদানি ব্যয় কমছে। এসব কারণে বাজারে ডলারের চাহিদা ও দর কমছে। তবে ডলারের দরপতনের এই ধারা অব্যাহত থাকলে রফতানিকারক ও রেমিটাররা নিরুত্সাহিত হতে পারে। এ কারণে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়তই বাজার থেকে ডলার কিনছে। গতকালও বাজার থেকে ছয় কোটি ডলার কিনেছে ব্যাংকটি। চলতি অর্থবছরের এ সময় পর্যন্ত মোট ১৯০ কোটি ডলার কেনা হলো।