মিঠাপুকুরে আগুনে
ঝলসে যাওয়া
গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৩
মিঠাপুকুর উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর দেয়া পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া গৃহবধূ বকুলী বেগম সোমবার মারা গেছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩দিন চিকিত্সাধীন থাকার পর রবিবার রাতে উন্নত চিকিত্সার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভোররাতে তিনি মারা যান। এদিকে মিঠাপুকুর থানায় আটক স্বামী মোশাররফ হোসেন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্ত্রী বকুলীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বীকার করেছে। মিঠাপুকুর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল বলেন, মোশাররফ স্ত্রী হত্যার দায় স্বীকার করেছে। সে বলেছে, যৌতুক নয়- পরকীয়ার সন্দেহে বকুলীকে হত্যার জন্য পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেই। বকুলী যখন তাকে ভালবাসে না, তাই স্ত্রী ও সন্তানকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়ার পর নিজেও আত্মহত্যার জন্য গায়েও আগুন ধরিয়ে দেই।