চাটমোহরে দু’টি ভূমি অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৫
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ও মূলগ্রাম ইউনিয়নের ভূমি কর্মকর্তা ও পিয়নদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, এরা সরকারি কোন নিয়মনীতি মানছেন না। খাজনা আদায়ের নামে হাজার হাজার টাকা ঘুষ গ্রহণ ও জমির মালিকদের হয়রানি করা হচ্ছে। সামান্য কাগজপত্র বা দাগ নম্বর দেখতে গেলেই টাকা দাবি করাসহ অসংখ্য অভিযোগ উঠেছে এদের বিরুদ্ধে।
চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আনোয়ার পারভেজ ও পিয়ন শুকুর আলীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ঘুষ গ্রহণের অভিযোগ দায়ের করেছেন হরিপুর ইউনিয়নের মশাগাড়ী গ্রামের মৃত শামসুল মিয়ার ছেলে দরিদ্র সিদ্দিক মিয়া। তিনি লিখিত অভিযোগে জানান, জমির খাজনা দিতে গেলে ভূমি কর্মকর্তা আনোয়ার পারভেজ ও পিয়ন শুকুর আলী তার কাছে ২ হাজার টাকা দাবি করেন। তিনি ধার-দেনা করে ১ হাজার ৬শ’ টাকা প্রদান করেন। কিন্তু তাকে ১৩৬ টাকার রসিদ প্রদান করা হয়। বাকি ১ হাজার ৪৬৪ টাকা তারা আত্মসাত্ করেছেন। সিদ্দিক মিয়া এর প্রতিকার চেয়ে গত ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ করেও আজ পর্যন্ত কোন প্রতিকার পাননি। শুধু সিদ্দিক মিয়াই নয়, ভূমি কর্মকর্তা ও পিয়নের সিন্ডিকেটের কাছে জিম্মি এলাকার ভূমি মালিকরা। এ ব্যাপারে হরিপুর ইউপি চেযারম্যান মোঃ মকবুল হোসেন জানান, এ সকল দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার। আমি ইউএনওকে এ ব্যাপারে বলেছি। অপরদিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নাজমূল হুদা ও তার অফিসের দুই পিয়নের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, এই ভূমি অফিসে জমির পরিমাণ যাই হোক না কেন, খারিজ করতে প্রতিটি দলিলে বাধ্যতামূলক সাড়ে ৩ হাজার টাকা দিতে হয়। এই অফিসের দুই পিয়ন উতুবে ওলিদ ও নাদের আলী যথাক্রমে ১৮ ও ৯ বছর ধরে এখানে কর্মরত। এরা দুজন ভূমি কর্মকর্তার বিশ্বস্ত দোসর হিসাবে সকল অপকর্ম চালিয়ে যাচ্ছেন। মূলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ঘুষ-দুর্নীতির প্রতিকার চেয়ে এলাকাবাসী গত ২৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসকের নিকট অভিযোগ দাখিল করলেও আজ পর্যন্ত কোনপ্রকার তদন্ত হয়নি। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সর্বত্র যা হচ্ছে আমিও তাই করছি। এটা কোন অনিয়ম নয়। মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন বলেন, মূলগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন কর্মরত। ফলে তারা কোনকিছুর তোয়াক্কা করছে না। অবাধে ঘুষ-দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।
উপজেলার ছাইকোলা ইউনিয়ন ভূমি অফিসেও চলছে নানা দুর্নীতি। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, আমার কাছে অভিযোগ এলে আমি অবশ্যই বিষয়টি দেখবো।