পৃথক ঘটনায় নিহত ৩ আহত ১৫
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:২৭
দেশের কয়েকটি স্থানে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫। খবর দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
টেকেরহাট (মাদারীপুর) \ সোমবার সন্ধ্যায় টেকেরহাট-কবিরাজপুর সড়কের রাজৈর উপজেলার বৈশার ভাংগা ব্রিজের নিকট কবিরাজপুর- গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । এ সময় মর্জিনা বেগম (২৫) নিহত ও কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয় । আহত অন্যদেরকে রাজৈর ও স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেয়া হয় । নিহত মর্জিনা সত্যবতী গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
নওগাঁ \ নওগাঁ নিয়ামতপুর উপজেলার গাবতলী-ছাতরা সড়কের মুক্তিযোদ্ধার মোড় নামক স্থানে সোমবার দ্রুতগামী একটি ভুটভুটির চাকায় পিষ্ঠ হয়ে লাবনী নামের চার বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। উপজেলার ধরমপুর গ্রামের দেলোয়ারের কন্যা লাবনী ঘটনার সময় তার বাবার সঙ্গে স্থানীয় একটি দোকান থেকে জিনিস নিয়ে দৌড়ে সড়ক পার হওয়ার সময় ছাতরা বাজার এলাকা থেকে আসা দ্রুতগামী একটি ভুটভুটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু লাবনীর মৃত্যু হয়।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) \ জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাইলগাঁও ইউনিয়নের জালালপুর এলাকায় একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রবিবার রাতে পার্শ্ববর্তী খালে উল্টে গিয়ে ট্রাকের নীচে চাপা পড়ে ইয়াওর মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত যুবক ইয়াওর মিয়া জগন্নাথপুর পৌর এলাকার পরতাব আলীর পুত্র।