স্ত্রী হত্যা মামলায় যুবলীগ নেতা সেলিম কারাগারে

ঢাকা জেলা পরিষদের সদস্য ও সাভার থানা যুবলীগের বহিষ্কৃত সভাপতি সেলিম মন্ডলের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার বকুলকে পুড়িয়ে হত্যা মামলায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার আত্মসমর্পণ করেছেন। ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুর হোসেন তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। সেই সাথে অপর পলাতক দুই আসামি আব্দুল হানিফ ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আলোচিত এই হত্যা মামলায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিয়েছিলেন আসামি সেলিম মন্ডল।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২১ এপ্রিল সেলিম মন্ডলকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সেলিম মন্ডল মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোটে আত্মসমর্পণ করেন। 

মামলার তদন্তকারী  কর্মকর্তা সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান,  পারিবারিক কলহের জের ধরে ২০১৮ সালের ২ আগস্ট পিটিয়ে স্ত্রীকে মেরে ফেলার কথাও স্বীকার করেছে  আসামি সেলিম মন্ডল। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সহযোগীদের নিয়ে  লাশ গোপন করার জন্য সাভারের মজিদপুর ভাড়াবাসা থেকে নিজের গাড়িতে করে তার স্ত্রীর মৃতদেহ  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা  ইউনিয়নের স্বরূপপুর নামক স্থানে ফেলে দেয় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার সাথে আরো কয়েকজন ছিল।