নওগাঁয় জোড়া খুনের
তদন্ত শুরু করেছে
সিআইডি, আটক ২
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৩
শহরের উকিলপাড়ায় গত সোমবার সন্ধ্যায় জোড়া খুনের ঘটনার সুনির্দিষ্ট কোন কারণ উদ্ধার করতে পারেনি নওগাঁ সদর থানার পুলিশ। হত্যাকাণ্ডের কারণসহ অপরাধীকে সনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি তদন্তদল সোমবার রাত একটা থেকে কার্যক্রম শুরু করেছে। আলটিমেট ড্রীম নামের অ্যাপার্টমেন্টে নওগাঁ শহরস্থ সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নীতা সরকার (৩৪) ও তাদের একমাত্র পুত্রসন্তান জয়তু সরকার ওরফে তুর্যকে অজ্ঞাত সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।
রাজশাহী থেকে সিআইডির একটি বিশেষজ্ঞ দল নওগাঁয় এসে ঘটনাস্থল থেকে নানা ধরনের আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে। তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পুলিশ সুপার (সিআইডি ক্রাইম সিন) আহম্মেদ আলী। সিআইডি পুলিশের তদন্তদল এ সময় ঘটনাস্থল থেকে ওই হত্যাকাণ্ডে ব্যবহূত একটি হাতুড়ি ও একটি ছুরি উদ্ধার করেছে। শহরের অভিজাত এলাকার সুরক্ষিত অ্যাপার্টমেন্টে সংঘটিত ওই হত্যাকাণ্ডের ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে নীতা সরকারের স্বামী জয়ন্ত কুমার সরকারের ব্যক্তিগত গাড়িচালক নজরুল ইসলাম ও অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষী আবু বক্কর সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সিআইডি পুলিশের তদন্তদল তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদ করছে।
সূত্র জানায়, নিরাপত্তা কর্মী আবু বক্কর তদন্তদলকে বলেছে, নজরুল সোমবার বিকালে ওই অ্যাপার্টমেন্টে ঢোকার সময় অপরিচিত একজনকে সঙ্গে নিয়ে উপরে উঠে। অন্যদিকে গাড়িচালক নজরুলের দাবি সে যখন ওই ফ্ল্যাটে যায় তখন ভিতরে একজন লোককে বসে থাকতে দেখে। অজ্ঞাত ওই ব্যক্তির শারীরিক গঠনের বিবরণ গাড়িচালক ও নিরাপত্তা কর্মীর দেখা বর্ণনায় প্রায় অভিন্ন বলে দাবি করেন ওই সূত্র। এদিকে জয়ন্ত কুমার সরকার জানিয়েছেন, তার এক চাচাতো ভাই সুমন সরকার ওরফে টিটু বেশ কিছুদিন আগে তার মুঠোফোনে এসএমএস দিয়ে ৬০ হাজার টাকা চেয়েছিল। গত শনিবার দুপুরে সুমন তার বাসায় এসে ছেলের জন্মদিনের দাওয়াত করে যায়। তবে সুমনের মুঠোফোন বন্ধ পাওয়ায় পুলিশের সন্দেহ এখন তাঁকে ঘিরে আবর্তিত হচ্ছে। ঘটনার বিবরণ দিয়ে নিহতের স্বামী গতকাল সকালে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। জয়ন্ত সরকার নারায়ণগঞ্জ জেলার তুলারামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে তার স্ত্রী নীতা সরকার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়ার মৃত অনীল দত্তের মেয়ে।