আমরা এই সরকারি
হরতালের নিন্দা
জানাই :মওদুদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, ‘সরকারের ছত্রচ্ছায়ায় বাম ফন্ট হরতাল করেছে। সরকার-সমর্থিত এই হরতাল দেশে নজিরবিহীন ঘটনা। কোনো দেশে এ ধরনের হরতালের দৃষ্টান্ত নেই। আমরা এই সরকারি হরতালকে নিন্দা জানাই।’ গতকাল মঙ্গলবার নোয়াখালীর কবিরহাট পৌরহলে সদর পূর্বাঞ্চল এবং কবিরহাট উপজেলা শাখার যুবদল ও ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ বলেন, ‘সরকার সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দিলে আমরা অবশ্যই সংসদে যাব, সহযোগিতা করব এবং ওই সংশোধনী বিলের প্রতি সমর্থন জানাব।’ মওদুদ আরো বলেন, ‘দুর্নীতি দমন কমিশন সরকারের এজেন্ট। সরকারের ইচ্ছা অনুযায়ী তদন্ত ও মামলার কারণে এ সরকারের আমলে পদ্মা সেতুর কাজ হবে না। আমরা ক্ষমতায় আসলে একটি নয়, দু’টি পদ্মাসেতু করব।’
উপজেলা যুবদলের সভাপতি হাসান মাহবুব তানসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, জেলা যুবদলের সভাপতি মাহবুল আলমগীর আলো, সাধারণ সম্পাদক কামাক্ষা চন্দ্র দাস, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান এবং সাধারণ সম্পাদক সাবের আহম্মদ প্রমুখ।