হরতালে গণদুর্ভোগ
সৃষ্টি করেছে
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১২, ২২:৪৫
জামায়াত বলেছে, গতকালের হরতাল গণদুর্ভোগ সৃষ্টি করেছে। সরকারের প্রত্যক্ষ সহায়তা ও পৃষ্ঠপোষকতায় সিপিবি-বাসদসহ নামসর্বস্ব বাম দলের জামায়াতসহ ইসলামী রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবিতে হরতাল বিরোধী দলের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার কৌশল।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ক্ষমতা হারানোর ভয়ে প্রমাদ গুণতে শুরু করেছে। বিরোধী দলের আন্দোলন যখন যৌক্তিক গতি ও মাত্রা পেয়েছে তখন তারা আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই নানা ধরনের কৌশলের আশ্রয় নিচ্ছে।
তিনি বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশে বাম রাজনীতি নামসর্বস্ব ও গণবিচ্ছিন্ন। বিভিন্ন জাতীয় নির্বাচনের পরিসংখ্যান থেকে দেশের সকল বাম দলের প্রাপ্ত ভোটের হার এক শতাংশেরও কম। তারা সকলে মিলে সারাদেশে যে ভোট পায় তা দিয়ে একটি সংসদীয় আসনেও জেতা সম্ভব নয়। যারা নির্বাচনে এক শতাংশ ভোটও পায় না দেশের বৃহত্তর জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বোধ-বিশ্বাস ও আবেগ-অনুভূতির বিরুদ্ধে তাদের কোন কর্মসূচির প্রতি জনগণের সমর্থন নেই।
তিনি বলেন, গতকাল পুলিশ জনগণকে হরতাল পালনে বাধ্য করার চেষ্টা করেছে। বিরোধী দল আহূত হরতালের দিনে পুলিশ পাহারায় বিআরটিসি বাস চালানোর চেষ্টা করা হলেও বামদের ডাকা হরতালে রাস্তায় বিআরটিসি বাস দেখা যায়নি। পথে পথে পুলিশই পিকেটারদের মত রাজপথে অবরোধ গড়ে তুলেছে। সাধারণ জনগণ ও পথচারীকে নানানভাবে হয়রানি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী হরতাল পালন করায় বাম দলগুলোকে অভিনন্দন জানানোর ফলে প্রমাণ হয়েছে এ হরতাল সরকারি পৃষ্ঠপোষকতায় ডাকা হয়েছিল।