খোঁজখবর
আজীবন সম্মাননা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ১৮:৪৪
অষ্টম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হবে রুনা লায়লাকে। আয়োজকদের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। এবারের সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হবে দুই বাংলায়। এর মধ্যে কলকাতার গ্র্যান্ড হোটেলে আগামী বছরের ১০ জানুয়ারি রুনার হাতে সম্মাননা তুলে দেবেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী সন্ধ্যা মুখার্জি। পুরস্কার বিতরণীর মধ্যে আজীবন সম্মাননা পর্বই শুধু কলকাতায় হবে। বাকি সব শাখার পুরস্কার প্রদান করা হবে চট্টগ্রামে। চ্যানেল আইয়ের পাশাপাশি এই সংগীত পুরস্কার অনুষ্ঠানের অন্যতম আয়োজক মুঠোফোন প্রতিষ্ঠান সিটিসেল। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেছেন, ‘এই সংগীত পুরস্কারের প্রথম পাঁচটি আয়োজন হয়েছে মিলনায়তনে। আর ষষ্ঠ আসর ছিল যমুনার পাড়ে। এবার আমরা দুই বাংলায় অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করেছি।’
এবার চলচ্চিত্রে
ছোটপর্দার মডেল-অভিনেতা কল্যাণের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। আসছে ২১ ডিসেম্বর মুক্তিযুদ্ধভিত্তিক ছবির মাধ্যমে তার অভিনীত প্রথম ছবি মুক্তি পাবে। ছবির নাম ‘পিতা’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাসুদ আখন্দ। এতে কল্যাণের সঙ্গে আরও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুদ আখন্দ, বন্যা, শায়না আমিন, উপমা, মঈন দূররানী, শামীমা নাজনীন, রফিকুল ইসলাম, জুয়েল রানা, নিয়াজ মোর্শেদসহ আরও অনেকে। গাজীপুর, কাপাসিয়াসহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে শুটিং হওয়া এ ছবিটি ঢাকাসহ সারাদেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। কল্যাণ বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। ’৭১ সালের ঘটনা আমি ছবি দেখে ও বই পত্রিকা পড়ে জেনেছি। আর এ ছবিতে অভিনয় করার মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে প্রথম অভিনয় আমার। এতে আমার চরিত্রের নাম শরত্। আশা করছি ছবিটি ভালো হবে। ছবিতে কল্যাণের নায়িকা হিসেবে আছেন শায়না।
নতুনদের নিয়ে
অসংখ্য প্রতিযোগীর রেকর্ড করে পাঠানো কণ্ঠগুলো থেকে বাছাই করে নিজের সুর-সংগীতায়োজনে একটি মিশ্র অ্যালবাম করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী এসডি রুবেল। তার এই নতুন শিল্পী বাছাই প্রক্রিয়া শুরু হয় চলতি বছরের আগস্ট মাস থেকে। রুবেলের এ ঘোষণার পর তার কাছে অসংখ্য নতুন শিল্পীর গান সম্বলিত সিডি জমা পড়ে। সকলেরই গান বেশ ভালোভাবে নিয়মিত শুনছেন তিনি। বাছাইয়ের মাধ্যমে হাজার থেকে শতে নামিয়ে এনেছেন সংখ্যা। এর মধ্যে থেকে ১০-১২ জন শিল্পী বাছাই করা হবে, যাদের নিয়ে একটি মিশ্র অ্যালবাম করবেন রুবেল। এ বিষয়ে রুবেল বলেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি আগ্রহী সিডি জমা দিয়েছেন। এগুলোর প্রত্যেকটি শুনে বাছাই করা বেশ সময়সাপেক্ষ ব্যাপার। সময় নিলেও সেরাদেরকেই এর মাধ্যমে বের করে নিয়ে আসতে চাই। আশা করছি জানুয়ারি মাস নাগাদ সেরাদের নিয়ে আসতে পারব সামনে। বাছাইয়ের পাশাপাশি টুকটাক করে এই মিশ্র অ্যালবামের জন্য গান তৈরি করাও শুরু করেছি।’
দারুণ ব্যস্ততায়
মধ্যরাত কিংবা কখনও শেষরাত পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে হচ্ছে তাকে। বর্তমানে অভিনয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন সময়ের আলোচিত অভিনেত্রী-মডেল সীমানা। নতুন-পুরাতন ধারাবাহিক ও এক ঘণ্টার বিভিন্ন নাটক নিয়েই সীমানার সাম্প্রতিক এ ব্যস্ততা। তিনটি নতুন ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন সীমানা। এ নাটকগুলোর শুটিং নিয়েও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। এই নাটক তিনটি হলো দেবাশিষ বড়ুয়া দ্বীপ পরিচালিত ‘জ্যোতিষবিদ টিপু সুলতান’, আকতারুজ্জামান তুহিন পরিচালিত ‘মুসাফিরখানা’ এবং সুজন বড়ুয়ার ‘সংসূত্র’। এই নাটকগুলোতে একেবারেই ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে সীমানাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আসলে কাজ একটু বেছে বেছে করি। একই ধরনের চরিত্রে কাজ করতে পছন্দ করি না। এ কারণেই তুলনামূলক কম কাজ করে থাকি। সেই কম কাজ মানুষ পছন্দ করলেই নিজের সার্থকতা। সেই ধারাবাহিকতাতেই আসলে নতুন তিনটি ধারাবাহিকের কাজ শুরু করেছি। এখানে আমার চরিত্রগুলো ভিন্নধর্মী। ভিন্ন এক সীমানাকেই পাওয়া যাবে এসব নাটকে। তবে সে সম্পর্কে এখনই বলতে চাইছি না। দর্শকদের জন্য সারপ্রাইজ হয়েই থাক।’