উপকূলের অবকাঠামো উন্নয়নে সহায়তা দিচ্ছে এডিবি ও জাপান
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:০৫
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান সরকার বাংলাদেশের উপকূল অঞ্চলের সেবা, জলবায়ু ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দিবে। সহায়তা হিসেবে জাপান বাংলাদেশকে ৯ লাখ ডলার বাংলাদেশকে দিবে। আর এডিবি দিবে কারিগরি সহায়তা। গতকাল বাংলাদেশ সরকার ও এডিবি’র মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ এবং এডিবির পক্ষে সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ইকলান্ড চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় জানানো হয়, জাপান সরকার তাদের দারিদ্র্য দূরীকরণ সংক্রান্ত তহবিল থেকে এ কারিগরি সহায়তা দিবে। উপকূল এলাকার অবকাঠামো উন্নয়ন শীর্ষক এ প্রজেক্টের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন করা হবে কয়েকটি নির্ধারিত উপকূলীয় অঞ্চলে। এই প্রজেক্ট চলবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টিফেন জানান, এই প্রজেক্টের আওতায় উপকূল অঞ্চলের পৌর অবকাঠামো, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পানি সরবরাহ, পয় নিষ্কাশন, এবং স্থানীয় সরকার উন্নয়নে কাজ করা হবে।