‘খেলোয়াড়দের সঙ্গে ছাত্রের মতো আচরণ নয়’
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম পিসিবি এবং জাতীয় দল ব্যবস্থাপনার কাছে আবেদন জানিয়ে বলেছেন, ভারত সফরের সময় খেলোয়াড়দের সাথে যেন স্কুলের ছাত্রদের মতো আচরণ করা না হয়।
ভারত সফরে গিয়ে খেলোয়াড়রা কোন ব্যক্তিগত পার্টি কিংবা অনুষ্ঠান তো নয়ই, কোনভাবেই স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না—পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার এই বক্তব্যের বিপরীতে আকরাম সংশ্লি¬ষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন ভারতে গিয়ে যাতে খেলোয়াড়দের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়। খেলোয়াড়দের যদি মনে হয় তারা জেলের মধ্যে আছে তবে সেটা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলবে।
এ সম্পর্কে আকরাম বলেছেন, ‘আমি চিমার এই বক্তব্যের সাথে একমত নই। আমি মনে করি খেলোয়াড়দের অবশ্যই স্বাধীনতা দেয়া উচিত। তারা যদি মানসিকভাবে স্বস্তিতে থাকে তবে সেটা তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। আমি জানি স্পট ফিক্সিং কেলেংকারি এবং গণমাধ্যমের অবাধ প্রসারের ফলে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছুই পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু এখনও খেলোয়াড়দের দায়িত্ব তাদের নিজেদের বুঝতে হবে।’
ইমরান খানের আমলে খেলোয়াড়রা বেশ স্বাচ্ছন্দ্য অনুভব করত উল্লে¬খ করে আকরাম বলেন, ঐ সময় অধিনায়ক এবং দলীয় ব্যবস্থাপনা খেলোয়াড়দের উপর বাড়তি কোন চাপ সৃষ্টি করত না। শুধুমাত্র ম্যাচের আগের দিন আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত করা হতো এবং তখনই কেবল খেলোয়াড়দের উপর কড়াকড়ি আরোপ করা হতো। এছাড়া আমাদের উপর কোন চাপ ছিল না বা কোন বাধা সৃষ্টি করা হয়নি। খেলোয়াড়রাও তাই তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে অঙ্গীকারবদ্ধ ছিল।
আকরাম আরো বলেছেন, ‘বর্তমানে খেলোয়াড়দের উপর আরো দায়িত্ব আরোপের সময় পিসিবির সময় এসেছে। ভারতে পাকিস্তানি খেলোয়াড়রা বেশ জনপ্রিয় এবং ভারত সফর সকলের জন্য দারুণ অভিজ্ঞতা। সেখানে বেশ কয়েকবার খেলার অভিজ্ঞতা থেকেই আকরাম মনে করেন খেলোয়াড়দের যেন কোনভাবেই মনে না হয় যে, তারা জেলের মধ্যে রয়েছে।’
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত হোম টেস্ট সিরিজে পরাজয়ের পরে আসন্ন টি-২০ এবং ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ফেভারিট বলতে নারাজ সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘‘টেস্ট সম্পূর্ণ ভিন্ন একটি খেলা। আর ওয়ানডে ক্রিকেটের ভারতীয় দলটিও ভিন্ন। এছাড়া নিজের অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে পারি ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম আবহ। এখানে টস হবার পর থেকেই উভয় দল মাঠের লড়াইয়ে দারুণভাবে মেতে উঠে। আর এটাই ইন্দো-পাক সিরিজের সৌন্দর্য। এখানে অতীত পারফরম্যান্স কোন ব্যাপারই না।”
তবে সাবেক এই ফাস্ট বোলার আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ভারতীয় ব্যাটিং উইকেটের বিপরীতে পাকিস্তানি বোলাররা নিজেদের ঠিকই প্রমাণ করবে। বিশেষ করে অভিজ্ঞ দুই বোলার উমর গুল এবং সাইদ আজমলের উপর পূর্ণ আস্থা তার রয়েছে।
পাকিস্তানে বাংলাদেশের প্রস্তাবিত সিরিজের ব্যাপারে আকরাম এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার প্রশংসা করেছেন। তার মতে এই সিরিজে যদি বাংলাদেশের কোন সিনিয়র খেলোয়াড় আসতে রাজি না হন তবুও পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার বিষয়টিই গুরুত্বপূর্ণ।—বাসস