মাঠে ফিরছেন আবিদাল

কয়েক সপ্তাহ ধরে যকৃত পুনঃস্থাপনোত্তর শুশ্রূষা শেষে বার্সেলোনা ডিফেন্ডার এরিক আবিদাল শীঘ্রই ক্লাবের প্রথম একাদশে ফিরতে যাচ্ছেন। স্প্যানিশ দৈনিক মার্কা এ খবর দিয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পুরোপুরি সেরে ওঠায় ডাক্তাররা বার্সেলোনা ও ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়টিকে আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। ৩৫ বছর বয়সী আবিদাল এরই মধ্যে মূল একাদশের বাইরে আলাদাভাবে অনুশীলন শুরু করেছেন। ফরাসি এই লেফট ব্যাক এখন দলের মূল কোচ টিটো ভিলানোভার অধীনে ট্রেনিং শুরু করতে পারবেন। ধারণা করা হচ্ছে, খুব আগেভাগে হলে তিনি জানুয়ারিতে মাঠে নামবেন। বার্সেলোনা জানিয়েছে, তারা আবিদালকে নিয়ে ঝুঁকি নেবে না। কারণ তাকে নিয়ে বার্সেলোনার কোন তাড়া নেই, আবার খেলোয়াড়টিকে মাঠে ফেরাতে গিয়ে কোন ঝুঁকির মধ্যেও ফেলতে চায় না।