যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন ও আলোচনা হয়েছে। খবর দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নওগাঁ যুদ্ধাপরাধের বিচারসহ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা বুধবার শহরে মানববন্ধন করেছে। শহরের ব্রিজের মোড় এলাকায় সকাল ১০টা থেকে শুরু করা মানববন্ধন চলে বেলা ১১টা পর্যন্ত। এ সময় এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-আল-রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, রফিকুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি জহুরুল সিদ্দীকি মিলন প্রমুখ। নেত্রকোনা মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল বুধবার নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কামন্ডার নুরুল আমিনের নেতৃত্বে মিছিলটি সারা শহর প্রদক্ষিণ শেষে ডিসি অফিস প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। সিরাজগঞ্জ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও দেশব্যাপী জামায়াত শিবিরের কর্মকান্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। ঠাকুরগাঁও যুদ্ধাপরাধী, মানবতা বিরোধীদের দ্রুত বিচার ও ফাঁসির কার্যকরের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। কিশোরগঞ্জ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে কিশোরগঞ্জে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদোগে গতকাল বুধবার মানববন্ধন কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল বের হয়। শহরের কালী বাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদউল্লাহ। কাশিয়ানী (গোপালগঞ্জ) ’৭১-এর মানবতা বিরোধী রাজাকার, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল বুধবার কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মহাসিন আলী সোনা মিয়া। বটিয়াঘাটা (খুলনা) উপজেলা মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের আয়োজনে গতকাল বুধবার মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। সেক্টর কমান্ডার ফোরামের আহবায়ক ক্যাপ্টেন আফজাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। বাঞ্ছারামপুর (ব্রাহ্মনবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার উপজেলা চত্বরে জামায়াত শিবির রাজনীতি বন্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল,র্যালি,মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কমান্ডার মোঃ গোলাম ইসহাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম । নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও জনতার ঐক্যবদ্ধ দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা এবং শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি জমা দেন। নগরকান্দা (ফরিদপুর) ফরিদপুরের নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গতকাল বুধবার উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের দেশব্যাপী নৈরাজ্য কর্মকাণ্ডের প্রতিবাদে ও তাদের রাজনীতি বন্ধের দাবিতে মানববন্ধন করেন। নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ফজলুল হকের নেতৃত্বে এ সময় বক্তব্য রাখেন, যুদ্ধকালীন কমান্ডার ওস্তাদ আবুল হোসেন, সাবেক উপজেলা কমান্ডার আলতাফ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কর, সালাম খান, সেলিম মোল্যা। দেবীগঞ্জ (পঞ্চগড়) যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ, জামাতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দেবীগঞ্জ উপজেলা কমান্ড বুধবার দেবীগঞ্জে এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন। কাপাসিয়া (গাজীপুর) গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গতকাল বুধবার যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মুক্তিযোদ্ধাগণ শোভাযাত্রা করেছেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বজলুর রশিদ মোল্লার নেতৃত্বে শোভাযাত্রা মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সারিয়াকান্দি (বগুড়া) মঙ্গলবার সারিয়াকান্দিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ’৭১-এর ঘাতক-দালাল ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করে। চৌহালী (সিরাজগঞ্জ) সিরাজগঞ্জের চৌহালীতে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সহ ৭ দফা দাবীতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সকালে মুক্তিযোদ্ধাদের স্বতঃফুর্ত ভাবে অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলটি চৌহালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপুর্ন রাস্তা প্রদক্ষিণ করে। দুমকী (পটুয়াখালী) দুমকি উপজেলায় বুধবার যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুল হক হাওলাদার। ভালুকা (ময়মনসিংহ) মানবতাবিরোধী, যুদ্ধাপরাধীদের বিচার চলতি বছরের ডিসেম্বরের মাঝে সম্পন্ন, বিচার কাজ ঠেকানোর যে কোন চক্রান্ত নস্যাত্ সহ রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনের দাবিতে, প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি পেশ করেছে ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। ধামইরহাট (নওগাঁ) যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ধামইরহাটের মুক্তিযোদ্ধারা বুধবার একটি বর্নাঢ্য র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) জামায়াত- শিবিরের রাজনীতি বন্ধ ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে বুধবার মীর্জাগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যেগে শহরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) যুদ্ধা পরাধীদের দ্রুত বিচার ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বুধবার বিক্ষোভ মিছিল এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান। হোসেনপুর (কিশোরগঞ্জ) হোসেনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বুধবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: আয়ুব আলী, সহ-সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কর্তৃক যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের দ্রুত বিচার কার্যকরের দাবিতে মানববন্ধন হয়। বুধবার উপজেলা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার- লায়েক আলী খান মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান- হাফিজা বেগম কাকলী, ডেপুটি কমান্ডার- ইমাদদুল হক বাবলু।