মতলবের চরাঞ্চলে অতিথি পাখির বিচরণ
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২১
পরিবেশগত নানা বিপর্যয় সত্ত্বেও এখনো চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চরাঞ্চলে অতিথি পাখির বিচরণ লক্ষ্য করা যায়। উপজেলার চরউমেদ, বোরচর, চরকাশিম, বাহেরচর, চরওয়েস্টার, চরজিংকিং ও হোগলা হাসিমপুরের চরে অতিথি পাখির উপস্থিতি কিছুটা বেশিই লক্ষ্য করা যায়। শুধু মতলবের চরগুলোতেই নয়, উপজেলার মেঘনা, ধনাগোদা ও গোমতী নদী বেষ্টিত এই উপজেলার বিভিন্ন অঞ্চলেও শীতের এই অতিথি পাখিদের বিচরণ লক্ষণীয়। এসব অতিথি পাখি প্রবল তুষারপাত ও শৈত্যপ্রবাহ থেকে নিজেদের রক্ষার জন্য বাংলাদেশে এসে যাবে। মতলবের চরাঞ্চলের প্রবীণদের সাথে কথা বলে জানা যায়, অনেক বছর ধরেই এ অঞ্চলে অতিথি পাখিদের বিচরণ। তবে কয়েক বছর ধরে এখানে অতিথি পাখির সংখ্যা কিছুটা কমে আসছে। নির্বিচারে ঝোপঝাড় উজাড়, চরাঞ্চলে ঘরবাড়ি নির্মাণ, জলজ আগাছা পরিষ্কার, রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং অতিথি পাখিদের শিকার করার কারণেই এসব অঞ্চলে দিনে দিনে অতিথি পাখির উপস্থিতি কমে যাচ্ছে।