আজ চাটমোহর হানাদারমুক্ত দিবস

আজ ২০ ডিসেম্বর চাটমোহর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে পাক হানাদারবাহিনী আত্মসমর্পণ করার পর চাটমোহর হানাদারমুক্ত হয়। ১৬ ডিসেম্বর বাংলাদেশের মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে তখনও চাটমোহরে পাক হানাদারবাহিনী ও তাদের দোসররা অবস্থান করছিল। একপর্যায়ে হানাদাররা সাদা পতাকা উড়িয়ে আলোচনার প্রস্তাব দেয়। মুক্তিযোদ্ধারা বিষয়টি জেলা কমান্ডারকে জানান। পাবনা জেলা কমান্ডার রফিকুল ইসলাম বকুল মিত্রবাহিনীর পোশাকে চাটমোহরে আসেন। ২০ ডিসেম্বর এই নকল মিত্রবাহিনীর কাছেই পাকবাহিনী আত্মসমর্পণ করে। চাটমোহর মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে: মুক্তিযোদ্ধা জনতার শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।