ইন্দোনেশিয়ায় কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে লাখ লাখ ভোট হাতে গুণতে গিয়ে তাদের ২৭০ জনেরও বেশি কর্মী মারা গেছেন। তারা বলেছেন, এরা মূলত দীর্ঘ সময় ধরে কাজের অতিরিক্ত চাপ থেকে অবসাদজনিত কারণে মারা গেছেন। দেশটির নির্বাচন কমিশন কেপিইউর একজন কর্মকর্তা ও মুখপাত্র আরিফ প্রিও সুসান্ত বলেছেন, কাজের চাপে তাদের আরো ১ হাজার ৮৭৮ জন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১৭ এপ্রিল। ভোট গণনা ও নজরদারিতে সাহায্য করছে প্রায় ৭০ লাখ মানুষ। অত্যন্ত গরমের মধ্যে তাদেরকে সারা রাত ধরে কাজ করতে হচ্ছে। ২৬ কোটি মানুষের এই দেশটিতে এবারই প্রথমবারের মতো একসঙ্গে প্রেসিডেন্ট, জাতীয় ও আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়। অর্থ সাশ্রয়ের লক্ষ্যেই সব নির্বাচন একসঙ্গে আয়োজন করা হয়। -বিবিসি