বগুড়ায় পুলিশ পরিচয়ে ২৪৫ বস্তা ধানসহ ট্রাক ছিনতাই

বগুড়ায় পুলিশ পরিচয়ে ২৪৫ বস্তা ধানসহ একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে (ঢাকা-মেট্রো-ট-১৪-২৮০০) ধান বোঝাই একটি ট্রাক নওগাঁর মান্দা থেকে বগুড়া কিবরিয়া অটো রাইস মিলে আসছিল। পথে গোদারপাড়া এলাকায় সাদা পোশাকে থাকা একদল লোক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ট্রাকটি থামায়। এরপর ট্রাকে চোরাচালানির মাল থাকার অজুহাত দেখিয়ে তারা তল্লাশি চালানো হবে বলে চালক আলমগীরকে জানায়। তখন চালক আলমগীর ট্রাকে শুধু ধান আছে বলে উল্লেখ করেন। কিন্তু তার কথায় তারা সন্তুষ্ট না হয়ে পাশে মাইক্রোবাসে তাদের স্যার আছে বলে জানায় এবং তার সাথে চালক আলমগীর ও হেলপার মেহেদী হাসানকে দেখা করতে বলে। সরল বিশ্বাসে তারা ট্রাক রেখে মাইক্রোবাসে তাদের কথিত স্যারের সাথে কথা বলতে গেলে তাদের দুজনকে টেনে মাইক্রোবাসের ভেতরে তোলা হয়। এরপর তারা চালক-আলমগীর ও হেলপার মেহেদীকে অস্ত্রের মুখে জিম্মি করে রানীরহাট এলাকায় ফেলে আসে। সেই সাথে ডাকাত দলের অপর সদস্যরা ধান বোঝাই ট্রাকটি নিয়ে চম্পট দেয়। কিবরিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া বাহার জানান, ট্রাকে ২৪৫ বস্তা ধান ছিল। যার মূল্য ৩ লাখ ১০ হাজার টাকা।