দিনাজপুর আওয়ামী লীগের কাউন্সিল ২২ ডিসেম্বর
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২৯
দীর্ঘ ৯ বছর পর ২২ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিল হতে যাচ্ছে। কাউন্সিলের তারিখ ঘোষণায় সারা জেলার নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। এদিকে প্রতিদিনই ১৩টি উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচিত হচ্ছেন নতুন নেতৃত্ব।
১৭ নভেম্বর দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে বর্ধিত সভায় ২২ ডিসেম্বর কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত গৃহিত হয়। সেখানে দিনাজপুরের ৬টি আসনের সংসদ সদস্যবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সিদ্ধান্তের আলোকে ১০ ডিসেম্বর কোতয়ালী আওয়ামী লীগ ও ১৮ ডিসেম্বর দিনাজপুর শহর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে একেবারেই নতুন নেতৃত্ব সামনে আসছে। আবার কিছু কিছু ক্ষেত্রে পুরানরাই স্বপদে ফিরে এসেছেন।
এবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে সকল পর্যায়ের নেতা-কর্মীর মাঝে আগ্রহের শেষ নেই। জানা গেছে, দিনাজপুর জেলার ৫ আসনের সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবারের কাউন্সিলে সভাপতি প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করবেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দিনাজপুর জেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এছাড়াও জেলার যুগ্মসম্পাদক শরিফুল আহসান লাল ও যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আশফাক হোসেনের নাম সাধারণ সম্পাদক পদে শোনা যাচ্ছে। মোস্তাফিজুর রহমান ফিজার প্রতিদ্বন্দ্বী হিসেবে এখানে কারো নাম শোনা যায়নি। তবে যেহেতু আওয়ামী লীগ একটি বৃহত্ দল সেহেতু অন্য কেউ সভাপতি পদে প্রার্থী হলে হতেও পারেন।
উল্লেখ্য, ২০০৩ সালের পর দিনাজপুরে আওয়ামী লীগের কোন কাউন্সিল হয়নি। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত হিসেবে আজিজুল ইমাম চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করছেন।