অনুপ্রবেশ রোধে ঘুমধুমে বিজিবির সভা

উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সীমান্তের কতিপয় অসাধু দালালচক্র নগদ টাকার বিনিময়ে মাদক পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করে আসছে। যে কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্তের আইনপ্রয়োগকারী সংস্থা বিজিবির সদস্যরা এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে খাদ্য ও মানবিক সেবা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠালেও অনুপ্রবেশ থামছে না। গতকাল বুধবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিজিবি দিবসের আলোচনা সভায় ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খালেকুজ্জামান একথা বলেন। তিনি আরো বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সীমান্তে বসবাসরত জনসাধারণ আন্তরিক না হলে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা কোনভাবে সম্ভব নয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৭ বিজিবির উপ-অধিনায়ক মেফতাহ-উল ইসলাম, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান বাবু দীপক বড়ুয়া, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুরউদ্দিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাবের সভাপতি এড. আবদুর রহিম প্রমুখ।