আমাদের চাকরি দিন

সমপ্রতি আমি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি। এই নিয়োগ প্রক্রিয়ায় ১২ থেকে ১৩ হাজার প্রার্থী নিয়োগ পায়। আর বাদবাকি প্রার্থী প্যানেল শিক্ষক হিসেবে নিয়োগের অপেক্ষায় হতাশা আর এক বুক কষ্ট নিয়ে অধীর আগ্রহে বসে থাকে নিয়োগের প্রত্যাশায়। উল্লেখ্য যে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০০৯ সালে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মতো সমস্ত নিয়ম-কানুন অনুসরণ করে। ইতিমধ্যে অনেকের সরকারি চাকরির বয়স পার হয়ে গেছে। শিক্ষক নির্বাচিত হয়েও এখন বেকার হয়ে বসে আছি। বেকার থাকার কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি। মা-বাবার মুখের দিকে তাকাতে পারছি না। কয়েক দিন আগে সরকারি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১জন করে শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু আমরা যারা প্যানেল শিক্ষক আছি তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের চাকরির ব্যবস্থা করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সিরাজুল ইসলাম, শিবচর, মাদারীপুর।