স্পিরিট পানে কলেজছাত্রের মৃত্যু

গোপালগঞ্জে শতাধিক লিটার স্পিরিটসহ দুইজন গ্রেফতার

গোপালগঞ্জে স্পিরিট ও নেশা জাতীয় দ্রব্য পানে কলেজ ছাত্র মৃত্যুর ঘটনায় শতাধিক লিটার স্পিরিটসহ ২ জনকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন প্রধান অভিযুক্ত দীন ইসলাম দীনু ও স্পিরিট ব্যবসায়ী গৌরাঙ্গ লাল সাহা। দু’জনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে কোটালীপাড়ার ঘাঘর বাজার থেকে পুলিশ তাদের স্পিরিটসহ গ্রেফতার করে। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) গোলাম কাদের মিয়া বলেন, হিরন গ্রামের খবির উদ্দিনের ছেলে দ্বীন ইসলাম দিনুকে গ্রেফতারের পর সে জানায়, ঘাঘর বাজারের গৌরাঙ্গ লাল সাহার কাছ থেকে কিছু স্পিরিট কিনে এনার্জি ড্রিংক টাইগারের সাথে মিশিয়ে ১৬ ডিসেম্বর রাতে মাঝবাড়ি গ্রামের কলেজ ছাত্র সামাদ দাড়িয়ার ঘরে বসে সে নিজে পান করে এবং সামাদ, সজিব ও স্কুল ছাত্র আবু সাঈদকে পান করালে সামাদ ও আবু সাঈদ জ্ঞান হারায়। সামাদ মঙ্গলবার মারা যায়। অসুস্থ আবু সাঈদকে সংকটজনক অবস্থায় গোপালগঞ্জ থেকে খুলনায় পাঠানো হয়। দীনুর স্বীকারোক্তির পর পুলিশ গৌরাঙ্গ লালকে গ্রেফতার করে।