যথাসময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারছে না বিজিএমইএ

সাভারের আশুলিয়ার তাজরীন গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিএমইএ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ প্রকাশ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হচ্ছে না। এই প্রতিবেদন প্রকাশ আরো এক সপ্তাহ পেছাচ্ছে। বিজিএমইএ বলছে, হরতালসহ বিভিন্ন কারণে প্রতিবেদন প্রস্তুত কাজে বিঘ্ন ঘটায় তদন্ত কাজ সতর্কতার সাথে পরিচালনা করতে গিয়ে যথাসময়ে এটি প্রকাশ করা সম্ভব হচ্ছে না। যদিও সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অগ্নিকাণ্ডের জন্য দুষ্কৃতকারীদের দায়ী করার পাশাপাশি কারখানার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার ব্যর্থতার জন্য মালিককেও দায়ী করা হয়েছে। তবে বিজিএমইএসূত্রে জানা গেছে, দুর্ঘটনা তদন্তের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডের জন্য মূলত অজ্ঞাত দুষ্কৃতকারীদেরই দায়ী করা হচ্ছে। বিজিএমইএ সহসভাপতি এস এম মান্নান কচি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত দলের নেতৃত্ব দিচ্ছেন। বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন তদন্ত প্রতিবেদন প্রকাশে বিলম্ব হওয়ার কারণ হিসাবে হরতালসহ রাজনৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করেছেন। তবে তিনি বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়া সম্ভব হবে। তবে বিজিএমইএ’র তদন্ত প্রতিবেদন প্রকাশে এই বিলম্বকে ইচ্ছাকৃত আখ্যা দিয়ে শ্রমিক নেতারা এর মাধ্যমে তাজরীনের মালিককে বাঁচানোর অপচেষ্টা বলে মনে করছেন। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক রুহুল আমিন ইত্তেফাককে বলেন, তাজরীনের ঘটনা মালিকের অবহেলাজনিত হত্যাকাণ্ড। অথচ বিজিএমইএ মালিককে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন প্রকাশে দেরি করছে।