নড়াইলের সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা আকস্মিক জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিত্সক না পাওয়ার পর ওই হাসপাতালের চার চিকিত্সকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। চার চিকিত্সককে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই চিকিত্সকরা হলেন:-নড়াইল সদর হাসপাতালের সার্জারির সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শওকত আলী ও ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিত্সকদের ওএসডি করে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।