খিলগাঁও ফুটবল একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
খিলগাঁও ফুটবল একাডেমি পাইওনিয়র ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খিলগাঁও ফুটবল একাডেমি টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে মাতুয়াইল উদয়ন সংঘকে। ম্যাচের নির্ধারিত ৮০ মিনিট গোলশূন্য থাকলে টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। এতে খিলগাঁও ফুটবল একাডেমির বাবু, বিজয়, মিঠু, ঝিন্টু এবং রানার্সআপ মাতুয়াইল উদয়ন সংঘের জেসি, শামীম, ইয়ার গোল করেন।
হাজারখানেক দর্শক স্টেডিয়ামে খেলাটি দেখেছেন। স্কুল ছাত্ররা ছিলেন মাঠে। লিগের সেরা দুটি দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ খেলাটি সবাই উপভোগ করেছেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, পাইওনিয়র ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয়সহ অন্য কর্মকর্তারা।
পাইওনিয়র লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি আগামী মৌসুমে তৃতীয় বিভাগে খেলবে। এ দুই দলের সাথে তৃতীয় বিভাগে উঠেছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দল নাসরিন ফুটবল একাডেমি। গতকাল দুপুরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নাসরিন একাডেমি ৩-২ গোলে হারিয়েছে টাঙ্গাইল ফুটবল একাডেমিকে।