ইসলামী ঐক্যজোটের নতুন চেয়ারম্যান আগামী সপ্তাহে

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমীর কে হচ্ছেন তা এখনো নির্ধারিত হয়নি। এ দু’টি পদ ১০ দিন আগে শূন্য হয়েছে মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুতে। তবে আগামী সপ্তাহে পরিষ্কার হচ্ছে চেয়ারম্যান ও আমীর পদে কে বসবেন। কয়েকদিন ধরে দলের সিনিয়র নেতারা এ বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। দলীয় সূত্র জানায়, দ্রুততার সাথে চেয়ারম্যানের পদটি পূরণ করার তাগিদ রয়েছে। বিশেষ করে ১৮ দলীয় জোটের মধ্যে আমিনীর শক্ত অবস্থান ছিলো। তিনি গত বছরের ২০ এপ্রিল ‘গৃহবন্দি’ হওয়ার পর জোটের বৈঠকে প্রতিনিধিত্ব করে আসছেন মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী। এদিকে চেয়ারম্যান ও আমীরের দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে দলের ভিতরে একাধিকবার আলোচনা হয়েছে। সিনিয়র নেতারা শীর্ষ আলেমদের মতামত ছাড়া কোন সিদ্ধান্ত না নেয়ার পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। শীর্ষ আলেমদের মতামত নেয়ার জন্য দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা অ্যাডভোকেট আবদুর রকীবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে এক সপ্তাহের সময় দেয়া হয়েছে। সূত্র জানায়, আগামী বুধবার রাতের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে।