মেসির পক্ষ নিলেন ইব্রাহিমোভিচ
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২১:৫১
ব্যালন ডি’অরের সেরার নাম ঘোষণা’র তারিখ যতো এগিয়ে আসছে ততোই গোটা ফুটবল বিশ্বের মধ্যে শোরগোল বাড়ছে। এবার এই কথার লড়াইয়ে মুখ খুললেন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের সুইডিস স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তিনি মনে করেন এবারের ব্যালন ডি’অরের জন্য আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিই সবচেয়ে যোগ্য।
ব্যালন ডি’অরের খেতাব জয়ের লড়াইয়ে মেসি ছাড়াও আছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং স্প্যানিশ প্লে মেকার আন্দ্রেস ইনিয়েস্তা। তবে, ইব্রাহিমোভিচের মতে এবারো পুরস্কার উঠবে লিওনেল মেসির হাতে। তিনি বলেন, ‘এই মুহূর্তে মেসিই সেরা। তাই, ব্যালন ডি’অরের জন্য সেই সবচেয়ে যোগ্য। আমি জানি, সে আগেও বেশ কয়েকবার এই পুরস্কার জয় করেছে, তবে এবারও তার হাতেই পুরস্কার উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। মেসি অন্য গ্রহের ফুটবল খেলে। যারা এই পুরস্কারের জন্য অন্য কাউকে বিবেচনা করছেন তারা হয় ফুটবলের ব্যাপারে কিছু বোঝে না অথবা বোকামি করছেন।’
সাবেক এই বার্সেলোনা তারকা ফরাসি কিংবদন্তী জিনেদিন জিদানের প্রশংসা করে বলেন, ‘জিদান যখন মাঠে নামতো তখন মুহূর্তের মধ্যে মাঠের বাকি দশজনের খেলার ধরনে বিরাট পরিবর্তন আসে। এটা অনেকটা জাদুর মতো। জিদান অন্যরকম একজন খেলোয়াড়। ম্যাচের ভাগ্য বদলে দেয়ার জন্য জিদানের মতো একজন খেলোয়াড়ই যথেষ্ট।’
আসছে বছরের সাত জানুয়ারি জুরিখে ব্যালন ডি’অরের সেরার নাম ঘোষণা করা হবে।