বিডিআর বিদ্রোহ মামলায় অভিযুক্ত এক কারাবন্দির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তার নাম হাসেম সারোয়ার (৬৩)। গতকাল রবিবার রাত সোয়া ৭টায় জরুরি বিভাগে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী নুরুজ্জামান জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে হঠাত্ অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা দেন। তিনি আরও বলেন, হাসেম সারোয়ার বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি ছিলেন। তার হাজতি নম্বর ৫৫৭৮/১৭। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।