আবদুল গাফ্ফার চৌধুরীর
স্ত্রী সেলিমা আফরোজ
চৌধুরীর ইন্তেকাল
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৩
বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। দীর্ঘদিন রোগভোগের পর গতকাল মঙ্গলবার রাতে তিনি লন্ডনের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। লন্ডনে বাংলাদেশ মিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী সাংবাদিকদের জানান, সেলিমা আফরোজ পক্ষাঘাতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এর মধ্যেই আবার হূদরোগে আক্রান্ত হলে গত সপ্তাহে তাকে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়। তিনি বলেন, চিকিত্সকরা মঙ্গলবার রাত ১০টা ৫৮ মিনিটে লাইফ সাপোর্ট খুলে নিয়ে সেলিমা আফরোজকে মৃত ঘোষণা করেন। আবদুল গাফ্ফার চৌধুরী ও তাদের তিন সন্তান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। মৃত্যুকালে সেলিমা আফরোজ চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শোক প্রকাশ করেছেন।
উল্লে¬খ্য, ১৯৭৫ সালে গুরুতর অসুস্থাবস্থায় চিকিত্সার জন্য সেলিমা আফরোজ স্বামীর সঙ্গে লন্ডনে আসেন। কিন্তু তার অসুস্থতা এমন ছিল যে, তাকে লন্ডনে অবস্থান করে ধারাবাহিকভাবে চিকিত্সা নিতে হয়। এজন্য গাফ্ফার চৌধুরী-সেলিমা আফরোজ দম্পতির আর দেশে ফিরে আসা হয়নি। এদিকে তারা লন্ডনে থাকা অবস্থাতেই বাংলাদেশে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মঙ্গলবার হাসপাতালে সেলিমা আফরোজের অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা, বর্তমানে লন্ডনে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, শেখ সেলিমসহ অনেকেই তাকে দেখতে হাসপাতালে যান। রাতেই সেলিমা আফরোজের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফসহ প্রবাসী রাজনীতিবিদ ও সাংবাদিকদের অনেকেই হাসপাতালে ছুটে আসেন। ৫৬ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে ভেঙে পড়া গাফ্ফার চৌধুরীকে তারা সান্ত্বনা দেন। রাশেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, সেলিমা আফরোজের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে পাঠানো হবে। তাকে দাফন করা হবে বনানী কবরস্থানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।