ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে সামরিক বাহিনী এবং জনপ্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তাসহ দেশপ্রেমিক সকল শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আপনারা জনপ্রশাসন বা প্রতিরক্ষা বাহিনী যেখানেই দায়িত্ব পালন করেন না কেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যাতে আমাদের কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাত্ করে দিতে না পারে, সে ব্যাপারে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে। গতকাল মিরপুর ক্যান্টনমেন্টে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ (ডিএসসি) মিলনায়তনে ন্যাশনাল ডিফেন্স কোর্স এন্ড আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০১২ সালের গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) মানোন্নয়নে এবং প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম নতুন পর্যায়ে উন্নীত করতে আন্তরিক প্রচেষ্টা চালাতে সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। কলেজের প্রশিক্ষণ কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। এটা আমাদের জন্য একটি গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও ন্যাশনাল ডিফেন্স কলেজের চাহিদা পূরণে সকল ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি আশা করেন যে, এই কলেজ থেকে কোর্স সম্পন্ন করা সামরিক ও বেসামরিক সার্ভিসের কর্মকর্তারা দেশ উন্নয়নের কাজে তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগাবেন।