ভিওআইপি :গুটিকয়েক লোক
লুটেপুটে নিচ্ছে বিপুল টাকা
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৫
অবৈধ ভিওআইপি’র ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেছেন, ‘এর মাধ্যমে গুটিকয়েক লোক লুটে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। একই কারণে মানসম্মত সেবাও পাচ্ছি না, কল ড্রপ বাড়ছে।’ বিটিআরসি’র সঙ্গে অবৈধ ভিওআইপি’র কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ইন্দোনেশিয়ায় ৬৪ শতাংশ পর্যন্ত অবৈধ ভিওআইপি কল হচ্ছে, ভারতে ৫০ শতাংশ। ভিওআইপি হয় না এমন কোনো দেশ নেই। এরপরেও আমরা ৭০ শতাংশ নিয়ন্ত্রণে এনেছি। এতে বৈধ কলের সংখ্যা অনেক বেড়েছে বলে দাবি তার। গতকাল বুধবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্মেলনে কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, দেশে বর্তমানে বন্ধ থাকা বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এখনও না খোলার পেছনে গুগলের অসহযোগিতাই দায়ী। অবশ্য ইউটিউব খুলে দেয়ার প্রশ্নে সরকারের ইতিবাচক অবস্থানের কথাই তুলে ধরলেন তিনি। যত দ্রুত সম্ভব দেশে ইউটিউব খুলে দেয়া হবে উল্লেখ করে সুনীল কান্তি বোস বলেন, আমরা এ ব্যাপারে চেষ্টা করছি। তবে ইউটিউব ও গুগলের কাছ থেকে যে সহযোগিতা আশা করেছিলাম তা পাইনি। যে কারণে বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারছি না। ইউটিউব কর্তৃপক্ষ অন্যদেশের আহবানে যেভাবে ইতিবাচক সাড়া দিয়েছে আমাদের সঙ্গে তা করেনি।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, ইউটিউব চালুর ব্যাপারে বাংলাদেশে গুগল প্রতিনিধির সঙ্গেও কথা বলেছেন। বিষয়টি নিয়ে আবারো গুগলের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেবেন। ওখানে কি একটি বা দু’টি খারাপ ভিডিও আসলো সেদিকে নজর দিতে চাই না। থ্রি-জি লাইসেন্স প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিটিআরসি চেয়ারম্যান। তিনি বলেন, থ্রি-জি লাইসেন্স গাইড লাইন অনুমোদিত হয়ে আসলে শিগগিরই নিলামে যেতে পারবো। আগামী রবিবার এ নিয়ে অর্থমন্ত্রণালয় সভা করবে। এরপর গাইড লাইন প্রকাশিত হলেই লাইসেন্স সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি থ্রি-জির জন্য স্পেকট্রামের দাম আরো কমবে বলেও জানান তিনি।
গ্রামীণফোনের অডিট সম্পর্কে তিনি বলেন, আদালতের রায়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো, আবার আবেদন করবো নাকি তা মেনে নেবো। আমরা এখানে মোকদ্দমা করতে আসিনি। তবে বিটিআরসি এবার আন্তর্জাতিক মানের অডিট করবে। সুনীল কান্তি বোস বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে আরো শক্তিশালী অবকাঠামো দরকার। সেই সঙ্গে দরকার অপটিক্যাল ফাইবার নির্মিত দেশের ইন্টারনেট অবকাঠামো ও নিজস্ব স্যাটেলাইট। তিনি বলেন, ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়াতে হবে এবং তা নিশ্চিত করতে হবে। কারণ আমাদের দেশে ব্রডব্যান্ডের নামে যে সেবা দেয়া হচ্ছে তা আন্তর্জাতিকমানের নয়।