পাকিস্তানে জাতিসংঘের
পোলিও কর্মসূচি স্থগিত
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:২৫
পাকিস্তানে গত ৪৮ ঘণ্টায় আট স্বাস্থ্যকর্মী নিহত হওয়ার ঘটনায় পোলিও কর্মসূচি স্থগিত করেছে জাতিসংঘ। গতকাল বুধবার দেশটির পেশাওয়ারে বন্দুকধারীরা আরো তিন পোলিও টিকাদান কর্মীকে গুলি করলে দুইজন নিহত হয়। খবর বিবিসি ও রয়টার্সের।
পেশাওয়ারে গতকালের হামলায় টিকাদান কর্মসূচির সুপারভাইজার ও তার গাড়িচালক নিহত হয়। আহত হয়েছে এক স্বেচ্ছাসেবী শিক্ষার্থী। এর আগে সোম ও মঙ্গলবারে কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত হামলায় নিহত হয় মোট ৬ পোলিও কর্মী। এ সহিংসতার জেরে জাতিসংঘ পাকিস্তানে তাদের পোলিও টিকাদান কর্মসূচিতে নিয়োজিত কর্মীদের মাঠ থেকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন ইউনিসেফের মুখপাত্র মাইকেল কোলেমান। তিনি বলেন, বুধবারের হতাহতের ঘটনার পর থেকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেশ জুড়ে পোলিও কর্মসূচি নিয়ে কাজ করা বন্ধ করে দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।
তিনদিনব্যাপী পোলিও টিকাদান কর্মসূচির শেষ দিন ছিল গতকাল বুধবার। হত্যাকাণ্ডের পরও পাকিস্তান সরকার কয়েকটি এলাকায় টিকাদান কর্মসূচি চালু রাখতে চেয়েছিল। তবে স্বাস্থ্যকর্মীরা এ কাজে যেতে অনাগ্রহ দেখিয়েছে। বিশ্বের যে তিনটি দেশে পোলিও রোগ মহামারী আকারে রয়েছে পাকিস্তান সেগুলোর মধ্যে অন্যতম।
এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার করেনি। তবে তালেবানসহ বেশ কয়েকটি ইসলামপন্থি দল বরাবরই এ পোলিও টিকাদান কর্মসূচির বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। পাকিস্তানের কিছু কিছু অংশে, বিশেষত ২০১১ সালে সিআইএ’র ছদ্ম পোলিও টিকাদান কর্মসূচির মাধ্যমে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার ঘটনার পর থেকে তালেবানরা এ ধরনের কর্মসূচির বিরোধিতা করে আসছে। তবে পাকিস্তানের তালেবান মুখপাত্র এহসানউল্লাহ এহসান পোলিও কর্মীদের ওপর হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।