জামায়াত সঙ্গ ত্যাগ করুন নইলে বিদায়ের জন্য প্রস্তুত হোন :ইনু

তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া যতক্ষণ পর্যন্ত যুদ্ধাপরাধীদের দোসর জামায়াতের সঙ্গ না ছাড়বেন, ততক্ষণ পর্যন্ত তিনি গণতান্ত্রিক রাজনীতি করার নৈতিক অধিকার হারাবেন, রাজনীতি থেকে হারিয়ে যাবেন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী আরো বলেন, হয় জামায়াতের সঙ্গ ত্যাগ করুন, নইলে আপনিও বিদায়ের জন্য প্রস্তুত হোন। গতকাল বুধবার জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর ১৪ দলের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আখতারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির কামরুল আহসান, কমল ঘোষ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরন রায় প্রমুখ। হাসানুল হক ইনু বলেন, বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে মীর জাফরের ভূমিকা পালন করছে। জামায়াত স্বৈরশাসকদের হাত ধরে রাজনীতিতে উঠে এসেছে। জামায়াত প্রকৃতপক্ষে গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী। জামায়াতকে জোট থেকে বের করে দিতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতি করতে চাইলে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র বন্ধ করুন। রাজপথের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নির্বাচনকালীন সরকার নিয়ে সংলাপে অংশ নিন। যুদ্ধাপরাধের বিচার বানচালের রাজনৈতিক অপচেষ্টা-ষড়যন্ত্র-চক্রান্ত রাজনৈতিকভাবেই রাজপথে মোকাবিলা করা হবে বলে তিনি জানান।