আগামীতে যে কোনো নির্বাচনে অনলাইনে আবেদনের মাধ্যমে সাংবাদিকদের পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৫মে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটির নির্বাচন থেকে অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। এক্ষেত্রে আবেদনের কপি নিয়ে আর ইসি কার্যালয়ে জমা দিতে হবে না। আগে ম্যানুয়াল পদ্ধতিতে প্রথমে অফিসের প্যাডে আবেদন করতে হতো। এরপর সেটাতে অনুমোদন নিয়ে পরিচয়পত্র সংগ্রহ করে সাংবাদিকদের ফটো লাগিয়ে, নাম ঠিকানা, প্রতিষ্ঠানের নাম লিখে সাইন নিতে হতো। আর এতে প্রায় দুইদিন সময় লেগে যেতো। কিংবা ব্যয় হতো একটা পুরো দিন। সাংবাদিকদের ভোগান্তিতে ও ঝামেলা কমাতে অনলাইনে আবেদনের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। যেটাকে নির্বাচন কমিশন বলছে ‘সাংবাদিক অনলাইন নিবন্ধন’ প্রক্রিয়া।
গতকাল রবিবার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫মে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন কভার করতে ইচ্ছুক সাংবাদিকদের সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার প্রদান করা হবে। ঢাকা থেকে যেসব সাংবাদিক নির্বাচন কভার করতে যাবেন তাদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইসি সচিবালয় থেকে এবং স্থানীয় সাংবাদিকদের পরিচয়পত্র রিটার্নিং অফিসারের দপ্তর থেকে প্রদান করা হবে। ঢাকাস্থ সাংবাদিকদের পরিচয়পত্র সংগ্রহের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
এজন্য প্রথমে www.ecs.gov.bd ওয়েবসাইটে গিয়ে ‘সাংবাদিক অনলাইন নিবন্ধন’ লিংকে ক্লিক করতে হবে।