আমি আর মন্ত্রী হব না :অর্থমন্ত্রী
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
আগামীতে নির্বাচন করলেও আর মন্ত্রী হবেন না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিক-দের এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলেও বয়সের কারণেই তিনি মন্ত্রিত্ব গ্রহণ করবেন না। তবে সংসদ সদস্য হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, আশা করি, নির্বাচনে জয়ী হবো।
পদ্মা সেতু প্রকল্পে দুুর্নীতি হয়নি ঃ পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি বলে আবারো জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে যে সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা কোন পার্টিকে সুবিধা দেয়ার জন্য তথ্য আদান-প্রদান করেছেন। এই ষড়যন্ত্রের জন্য শাস্তি হতে পারে। তবে কোন দুর্নীতি হয়নি।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রতিবেদনের আলোকেই সাক্ষীর ভিত্তিতে মামলা করা হয়েছে। বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরু হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে আমরা এখনো আশাবাদী।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন দু’-এক মাসের মধ্যেই চলে যাচ্ছেন। তার সঙ্গে পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে কথা হয়েছে। তিনি বলেছেন, কিছু একটা হবে। তবে বিশ্বব্যাংকের প্রতিনিধি সময় নির্দিষ্ট করেননি বলে অর্থমন্ত্রী জানান।