দুর্গ ধরে রাখতে মরিয়া জাপা

জাতীয় পার্টির (এ) দুর্গ হিসেবে পরিচিত রংপুরে অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে দলটি। তবে নেতা-কর্মীদের বিভক্তি নিয়ে বিপাকে পড়েছে জাতীয় পার্টি (এ)। নির্বাচনে জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন নিয়ে শেষ মুহূর্তেও নাটকীয়তার অবসান হয়নি। মঙ্গলবার মধ্যরাতে আনুষ্ঠানিক প্রচারণা শেষ হলেও গতকাল দিনভর জাতীয় পার্টির দুর্গে এরশাদের সমর্থন কোন্ দিকে এনিয়ে শহর জুড়ে ছিল আলোচনা। এরশাদের পক্ষ থেকে একাধিকবার ঘোষণা সত্ত্বেও এ নিয়ে বিভ্রান্তি কাটেনি। এখনো কাদা ছোঁড়াছুঁড়ি ও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। দল থেকে বহিষ্কৃৃত রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা (হাঁস) ও সাবেক পৌর মেয়র একেএম আব্দুর রউফ মানিককে (চশমা) নিয়ে দোটানায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। ইতিমধ্যে মোস্তফাকে ভোট না দেয়ার আহবান জানিয়ে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় পার্টি। অন্যদিকে প্রকাশ্যে কাউকে সমর্থনের কথা না বললেও মানিককে পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে দলটি। তবে এই সুযোগে রংপুরের জাতীয় পার্টির (এ) ঘাঁটিতে আঘাত আনতে বেশ এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শরফুদ্দিন আহমেদ ঝন্টু (মটরসাইকেল)। পিছিয়ে নেই বিএনপি নেতা ও গণমঞ্চের প্রার্থী আলহাজ্ব কাওছার জামান বাবলা (আনারস)। গত মঙ্গলবার দুপুরে টেলিকনফারেন্সে এরশাদ ঘোষণা দেন তার কোন প্রার্থী নেই। এই ঘোষণার ছয় ঘন্টা পরেই পাল্টা ঘোষণা আসে দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের রাজনৈতিক উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলুর কাছ থেকে। দল থেকে বহিষ্কৃৃত চশমা প্রতীকের প্রার্থী একেএম আবদুর রউফকে এরশাদ সমর্থন দিয়েছেন বলে শহর জুড়ে আলোচনা ছড়িয়ে পড়ে। এব্যাপারে জানতে চাইলে প্রেসিডিয়ামের এই সদস্য ইত্তেফাককে জানান, ‘ঘটনাটি সত্য। এরশাদকে ফোন করে মানিক তার কাছে দোয়া কামনা করেন। এ সময় এরশাদ তাকে বলেছেন, তোমার জন্য আমার দোয়া ও আশীর্বাদ দুটোই রয়েছে’। জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের আর্শীবাদ পেলে জয়ী হওয়ার আশায় পার্টির এক বিদ্রোহী নেতার পক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় একটি দৈনিক পত্রিকায় ‘অবশেষে মানিককে এরশাদের সমর্থন’ শিরোনাম দিয়ে হাজার হাজার কপি টেলিগ্রাম বের করা হয়। এ ব্যাপারে এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দলীয় চেয়ারম্যান কাউকে সমর্থন দেননি। নির্বাচনে যিনি জয়ী হবেন তাকে এরশাদ অভিনন্দন ও পরাজিতকে দোয়া করবেন বলে জানান তিনি।