টিকিট কাটার মোবাইল অ্যাপ ‘রেলসেবা’ চালু

বাংলাদেশ রেলওয়ের টিকিট ক্রয় সহজীকরণসহ যাত্রীসেবা নিশ্চিতের লক্ষ্যে ওয়ান স্টপ মোবাইল অ্যাপ ‘রেলসেবা’র উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বিকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এ অ্যাপ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী  জুনাইদ আহমেদ পলক, রেলওয়ে মহাপরিচালক কাজী রফিকুল আলমসহ রেলওয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুজিবুর রহমান।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, এখন থেকে রেলের ৫০ শতাংশ টিকিট এ অ্যাপের মাধ্যমেই কাটতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ইস্যু অন্তর্ভুক্ত করে মোবাইল অ্যাপটি ডিজাইন করা হয়েছে। প্রযুক্তির এ ব্যবহার ট্রেনের সেবাকে আরো সহজ করবে। একই সঙ্গে যাত্রীদের মন্তব্য ও সেবার গ্রহণযোগত্যা জানা যাবে। এসব কার্যক্রমের জন্য বাংলাদেশ রেলওয়ে মোবাইল অ্যাপ তৈরি করেছে।

এর মাধ্যমে সব আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করা যাবে, নির্দিষ্ট গন্তব্যের ভাড়া জানা যাবে, টিকিট প্রাপ্যতা সম্পর্কে জানা যাবে, ট্রেন রুট, সময়সূচি, ট্রেনভিত্তিক বিরতি স্টেশনসমূহের নাম ও সময়সূচি, জার্নি হিস্ট্রি, কোচ ভিউ, সিট চয়েজ করা যাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্টেশনের নম্বর, খাবারের মেন্যু ও মূল্য তালিকাও জানা যাবে। পরবর্তীতে এ অ্যাপটি থেকে যেকোনো যাত্রী সহজেই তার নিজের অথবা পরিবারের জন্য খাবার কিনতে পারবেন।

রেলসেবা অ্যাপটি বর্তমানে সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যাবে। অ্যাপটি উদ্বোধনের পর থেকেই ব্যবহার করা যাবে। তবে আইওএসভিত্তিক মোবাইল ফোনে অ্যাপটি উদ্বোধনের ৭২ ঘণ্টা পর ব্যবহার করা যাবে।

ইতোমধ্যে জাতীয় কল সেন্টারের (৩৩৩) সঙ্গে বাংলাদেশ রেলওয়ের তথ্যসমূহ সংযুক্ত করা হয়েছে। ফলে জাতীয় কল সেন্টার ৩৩৩ থেকে বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত যেকোনো তথ্য পাওয়া যাবে।

ভ্রমণকালীন সব রকম যাত্রীসেবা এক অ্যাপেই পাওয়া যাবে এবং যাত্রীরা সুযোগ গ্রহণ করতে পারবেন। ভ্রমণ শেষে ভ্রমণের অভিজ্ঞতার ওপর যাত্রীসাধারণ তাদের মতামত অ্যাপের মাধ্যমে  প্রদান করতে পারবেন।